
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াতের জন্য ৬টি বাসের ব্যবস্থা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বরাদ্দ পাওয়া বাসের বাইরে অতিরিক্ত পরিবহন সহযোগিতা দিয়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগে মোট ৭৩১ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ২০০ জনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪টি বাস বরাদ্দ দেয়। বাকি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে অতিরিক্ত বাস ব্যবস্থার অনুরোধ জানান।
এরই ধারাবাহিকতায় বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির পরামর্শক্রমে বিসিএস পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৬টি বাস প্রদানের সিদ্ধান্ত নেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বাসগুলো ঢাকার উদ্দেশে রওনা দেবে। ফেরার সময় শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বাসগুলো রাজশাহীর পথে রওনা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক আশরাফুল আলম ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

