উত্তরা প্রতিদিন
ঢাকা

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ণ
খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণ ও হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

খাগড়াছড়িতে ১২ বছরের এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এবং এর প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাহাড়ি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে শেষ হয়।

শিক্ষার্থীরা ‘এক দেশ দুই নীতি মানি না মানবো না’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ফাঁসি চাই ধর্ষকের’ প্রভৃতি স্লোগানসহ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।

মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে ধর্ষণের প্রতিবাদে আন্দোলন করা হলে সেনাবাহিনী ও বাঙালি সেটেলারদের মাধ্যমে হামলা চালানো হচ্ছে। তারা প্রশ্ন তুলেন, “সমতলে ধর্ষণ হলে বিচার হয়, কিন্তু পাহাড়ে কেন উল্টোটা হয়? কেন আমাদের দেশপ্রেম ও নাগরিক অধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে?”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শামিন ত্রিপুরা বলেন, ‘মাত্র ১২ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। পাহাড়ে যখন এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে তখন নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনী সেটাকে দমানোর চেষ্টা করছে। তাদের সঙ্গে সহকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেখানকার সেটেলাররা। আমরা প্রতিবাদ করলেই বিভিন্নভাবে থামিয়ে দেওয়া হচ্ছে।’

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী বিভা চাকমা বলেন, ‘এই যুগে এসেও ধর্ষণের বিচার চাইতে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যখন পাহাড়ি মানুষেরা আন্দোলন করছেন, তখন তাদের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা এই দেশের বিচ্ছিন্ন কোনো জনগোষ্ঠী নয়। আমরা এই দেশেরই নাগরিক। একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আমরা সমান অবদান রেখেছি। তাহলে কেন আমাদের দেশপ্রেমিকের ওপর প্রশ্ন তোলা হচ্ছে? আমাদের ক্ষেত্রে কেন দ্বৈতনীতিমূলক আচরণ করা হচ্ছে? কেন মৌলিক অধিকার সংকুচিত করা হচ্ছে?’

সমাবেশে সংহতি প্রকাশ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ফুয়াদ রাতুল। তিনি বলেন, “পাহাড়িদের আন্দোলনে সবসময় দ্বৈতনীতি প্রযোজ্য হয়েছে; আমাদের মৌলিক অধিকার আজও সংকুচিত করা হচ্ছে।”

এর আগে গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি মাঠ থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

Read more — শিক্ষা
Home