বিজ্ঞাপন
উত্তরা প্রতিদিন

ভূমি ব্যবস্থাপনায় হয়রানি বন্ধে অটোমেশনের ওপর জোর ভূমিমন্ত্রীর

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
ভূমি ব্যবস্থাপনায় হয়রানি বন্ধে অটোমেশনের ওপর জোর ভূমিমন্ত্রীর
উত্তরা প্রতিদিনমত প্রকাশের স্বাধীনতা
রাজশাহীতে ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে প্রযুক্তিনির্ভর অটোমেশন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হচ্ছে। সাধারণ মানুষকে ভূমি অফিসে গিয়ে যেন হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

আজ শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং যাচাইকরণের বাস্তবায়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের ভূমি ব্যবস্থাপনার জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণের মাধ্যমে ভবিষ্যতে নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ইউএনও, এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও অসহায় কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কেউ যেন হয়রানির শিকার না হন এবং ভূমিদস্যুরা যেন কোনোভাবেই প্রশ্রয় না পান, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে ভুল হলে তা স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকতে হবে। মানুষের সেবা করার পাশাপাশি প্রত্যেক কর্মকর্তাকে নিজের দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে।

নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, সম্প্রতি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় এ নিয়োগ সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগ ভূমি মন্ত্রণালয়ের প্রতি মানুষের আস্থা বাড়াবে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, শুধু ভূমির তথ্য ডিজিটাইজ করলেই হবে না, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, যাচাই এবং নিয়মিত হালনাগাদ করাও জরুরি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয় ও পেশাদারিত্বের মাধ্যমে নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা দিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জমিসংক্রান্ত জটিলতা ও দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে।

ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে বলেন, দেশের ৬৪টি জেলায় প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মানসম্মত যাচাই প্রক্রিয়া ও ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। নির্ভুল ভূমি রেকর্ড কৃষক, পরিবার ও নারী ভূমিমালিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়, রাজশাহী জেলা প্রশাসন ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।