রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে হামলা চালায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত। এ সময় তারা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ ও তিন রাউন্ড গুলি ছোড়ে। তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরপর দুই দিনের হামলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত দুইটার দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় অবস্থিত পবা-২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে গানপাউডার ছিটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলার পর তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে।
হামলায় উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার পর কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগের দিন বৃহস্পতিবারের ঘটনার পর উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। থানায় এফআইআর করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। পুলিশ প্রশাসনকেও টহল ও নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
সপ্তর্ষি পাল বলেন, “ঘটনার সময় আমাদের লোকজন পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার পর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরও দুর্বৃত্তরা খুব অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।”
নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিনের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তিনি বলেন, “৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে আমাদের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগের দিনও উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে তখন আগুন লাগেনি। শুক্রবার রাতের ঘটনায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় মামলা করা হবে।


