
সম্প্রতি ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সাফল্য অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো একাডেমি। এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়দের এ সাফল্যের জন্য তাদেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাজশাহীর তরুণ খেলোয়াড়দের এমন সাফল্য নগরবাসীর জন্য গর্বের। ক্রীড়াঙ্গনে রাজশাহীর সুনাম আরও বৃদ্ধি করতে খেলোয়াড়দের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় রাজশাহী তায়কোয়ানডো একাডেমির কোচ গোলাম সাকলাইন জনি, টিম ম্যানেজার নাঈমুর রহমান নাঈমসহ একাডেমির খেলোয়াড় ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ ও ৩ অক্টোবর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সিনিয়র, জুনিয়র ও পুমসে ক্যাটাগরিতে একাধিক পদক অর্জন করেন রাজশাহী তায়কোয়ানডো একাডেমির খেলোয়াড়রা। প্রতিযোগিতায় সিনিয়র পুরুষ ফাইটে রিপন মন্ডল—স্বর্ণ; তানভির—রৌপ্য; জুনিয়র পুরুষ ফাইটে কেফায়াত হাবিব—স্বর্ণ; আরিয়ান, আবদুল্লাহ ও আফিফ—ব্রোঞ্জ; জুনিয়র নারী ফাইট: মাহিমা ইসলাম মাধুর্য—স্বর্ণ; আলিশা ও রামিন হোসেন—রৌপ্য; আফিয়া আঞ্জুম ও অনুভা আক্তার—ব্রোঞ্জ; একক পুমসে মাহিমা ইসলাম মাধুর্য, আফিফ, তাহিরা ও তায্যিব—স্বর্ণ; আফিয়া ও অনুভা আক্তার—রৌপ্য; কাব্য—ব্রোঞ্জ এবং যুগল পুমসে: আফিফ ও মাহিমা ইসলাম মাধুর্য—স্বর্ণ পদক অর্জন করেন।

