উত্তরা প্রতিদিন
ঢাকা

রাবিতে চলছে শাট ডাউন, শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ণ
রাবিতে চলছে শাট ডাউন, শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্চিত করার ঘটনায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করে মানবন্ধন করেছেন শিক্ষক-কর্মকর্তারা। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন তারা। এদিকে সকাল থেকে ক্যাম্পাসে কর্মকর্তাদের ঘোষিত কমপ্লিট শাটডাউন চলছে।

মানবন্ধনে শিক্ষক-কর্মকর্তারা বলেন, 'গত শরিবার বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর ঘটেনি। আমরা এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান থেকে সরব না।'

মানবন্ধনে ইউনির্ভাসিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, 'সালাহউদ্দিন আম্মার এবং তার সহযোগীরা এই বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। এই আম্মার এমন এক বেয়াদব এবং সন্ত্রাসী যে হাতে পিস্তল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে। শনিবার (২০ সেপ্টেম্বর) এই সন্ত্রাসীরা শিক্ষকদের যেভাবে লাঞ্চিত করেছে, আমরা যদি এর সুষ্ঠু বিচার না করতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদেরও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

আমাদের দাবি হলো, চিহ্নিত এই সন্ত্রাসীদের স্থায়ী বহিষ্কার এবং যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিল করতে হবে। এ ছাড়াও যারা রাকসু নির্বাচনে প্রার্থী আছে তাদের প্রার্থীতা বাতিল করতে হবে।’

বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, 'গত ৯ মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রহসনের অনেক তদন্ত কমিটি গঠন করেছে। যার একটিও আলোর মুখ দেখেনি। তাই আমরা আর ঐ সিদ্ধান্তে আর ক্ষান্ত হচ্ছি না। শিক্ষকদের উপর হামলার সঙ্গে জরিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখেই আমরা ক্ষান্ত হবো।'

এদিকে, শিক্ষদের লাঞ্চিত এবং প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত পূর্ণবহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শাট ডাউন কর্মসূচি চলছে। সোমবার সকাল থেকে বন্ধ আছে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা এবং প্রশাসনিক সকল কার্যক্রম।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্যাম্পাস বেশ ফাঁকা, শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। অধিকাংশ দোকানপাট বন্ধ।

এর আগে রোববার পোষ্য কোটা নিয়ে উদ্ভট পরিস্থিতি নিয়ে জরুরি সিন্ডিকেট সভা শেষে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেইসঙ্গে গত শনিবারের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন কর্মকর্তা-কর্মচারীরা।

Read more — শিক্ষা
Home