উত্তরা প্রতিদিন
ঢাকা

মায়ানমারের কাছে নতুন নিম্নচাপ, প্রভাব পড়বে বাংলাদেশেও

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
মায়ানমারের কাছে নতুন নিম্নচাপ, প্রভাব পড়বে বাংলাদেশেও

মায়ানমারের উপকূলসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ উপকূলীয় মায়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মায়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।

পরে আরও ঘনীভূত হয়ে আজ সোমবার সকাল ৬টায় একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। ওই সময় নিম্নচাপটি ১৫ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এ কারণে মিয়ানমার-বাংলাদেশ উপকূলসংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সোমবার থেকে বুধবার পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারসহ সমুদ্রে থাকা জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Read more — জাতীয়
Home