
দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ট্রেন, রেললাইন ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ (জিআরপি) ও আনসার বাহিনীর সদস্যদের সর্বোচ্চ তদন্ত, সতর্কতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রেলওয়ের এক জরুরি বার্তায় বলা হয়েছে, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর ঢাকায় দুটি নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এসব কর্মকাণ্ড রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি চক্রান্তের অংশ। এ পরিস্থিতিতে দেশের রেলব্যবস্থায় আইনশৃঙ্খলায় নিয়োজিত আরএনবি ও জিআরপি সদস্যদের কড়া নজরদারি এবং সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তায় বিশেষভাবে রেলওয়ের স্টেশন, শেড, ইয়ার্ড, ওভারব্রিজ, রেললাইন, সেতু এবং কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) হিসেবে চিহ্নিত স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। এসব স্থানে দায়িত্বে থাকা জিআরপি, আরএনবি ও আনসার সদস্যদের দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা না দেখানোর জন্য তাগিদ দেওয়া হয়েছে।
এ ছাড়া ট্রেনে কর্মরত সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজ নিজ অবস্থান থেকে আরও সতর্ক ও সচেতন হয়ে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।
রেল ভবন থেকে গতকাল রবিবার রাতে পাঠানো ‘জরুরি’ চিহ্নিত ওই বার্তায় চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পূর্ব/পশ্চিম) এবং বিভাগীয় পরিচালন তত্ত্বাবধায়কদের (ডিওএস পূর্ব/পশ্চিম) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

