উত্তরা প্রতিদিন
ঢাকা

টেকসই উন্নয়নে সবুজ কর, ফিনটেক ও টেকসই অর্থায়নের তাগিদ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণার ফলাফল প্রকাশ
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
টেকসই উন্নয়নে সবুজ কর, ফিনটেক ও টেকসই অর্থায়নের তাগিদ

বাংলাদেশের টেকসই উন্নয়নে সবুজ করনীতি, টেকসই অর্থায়ন ও ফিনটেকের কার্যকর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক যৌথ গবেষণা। গবেষণায় বলা হয়েছে, ফিনটেকের বিস্তার আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং ভবিষ্যতে সবুজ অর্থায়নের নতুন সুযোগ তৈরি করতে পারে।

আজ শনিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘রিসার্চ আউটকামস ডিসেমিনেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট সেশন’-এ গবেষণার ফলাফল অংশীজনদের সামনে তুলে ধরা হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে শিল্পখাতের প্রতিনিধি, ব্যাংকার, নীতিসংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিমের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। এতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পুত্রা বিজনেস স্কুল, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের গবেষকরা যুক্ত ছিলেন।

‘আনভেইলিং দ্য রোলস অব গ্রিন ট্যাক্স, ফিন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, ব্যাংকিং ডেভেলপমেন্ট, ফিনটেক অ্যাডপশন, অ্যান্ড ইকোনমিক গ্রোথ অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের ওয়ার্ল্ড ডেভেলোপমেন্ট সাসটেইনিবেলিটি জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের তথ্য বিশ্লেষণ করে সবুজ কর, আর্থিক ও ব্যাংকিং খাতের উন্নয়ন, ফিনটেক গ্রহণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে টেকসই উন্নয়নের সম্পর্ক পর্যালোচনা করা হয়।

গবেষণার ফলাফলে বলা হয়, ফিনটেকের উন্নয়ন দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার ক্ষেত্রে ফিনটেকের ব্যবহার কার্যকর হতে পারে। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সবুজ অর্থায়নের নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব।

গবেষণায় অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক উন্নয়ন ও দায়িত্বশীল বিনিয়োগের সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ, সামাজিক ও সুশাসনভিত্তিক (ইএসজি) কার্যক্রম জোরদার, সবুজ ঋণ সম্প্রসারণ এবং টেকসই অর্থায়ন নীতি শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে।

গবেষণায় সরকারকে কার্যকর সবুজ করনীতি ও পরিবেশবান্ধব বিনিয়োগ কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে সবুজ প্রকল্পে অর্থায়ন বাড়ানোর সুপারিশ করা হয়। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল শুধু একাডেমিক পরিসরে সীমাবদ্ধ না রেখে শিল্পখাত, সরকার, নীতিনির্ধারক ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত উচ্চমানের গবেষণা বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা, কার্যকর নীতি প্রণয়ন এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন। এসময় উপস্থিত ছিলেন বিভাগের কো-অর্ডিনেটর ড. রেজাউল করিম, সহযোগী অধ্যাপক আতিয়া আহমেদ, সহকারী অধ্যাপক সিরাজুম মনির প্রতিকসহ বিভাগের অন্যান্য শিক্ষক।

ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ. কে. এম. আমিরুল ইসলাম, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শেখ সোহরাব আহমেদ, গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের মার্কেটিং আঞ্চলিক প্রধান নাদিম শাহরিয়ার, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সাহেদুল বাসার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তন্বী রানী দত্ত এবং সোনালী ব্যাংকের মৌগাছী শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) মো. মিজানুর রহমান।

Read more — শিক্ষা
Home