
বোতল সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। এতে প্রতি লিটার তেলের নতুন দাম ২০৪ টাকা।
আজ বুধবার নতুন সিদ্ধান্তের বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান।
এর আগে গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়। তখন সয়াবিন তেলের ৫ লিটারের বোতলের দাম নির্ধারণ হয় ৯৭৫ টাকা। একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করে সরকার। পাম তেল ছিল আগের দরেই।
তার আগে গত বছরের ১৪ অক্টোবর প্রতি লিটারে ছয় টাকা এবং খোলা তেল আট টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে খোলা পাম তেলের দামও প্রতি লিটারে ১৩ টাকা বাড়নোর ঘোষণা দেয় ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠনটি।
ওই সময়ের দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৯৫ টাকায়, যা এর আগে ছিল ১৮৯ টাকা। আর খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১৭৬ টাকায়, যার আগের দাম ১৬৯ টাকা।

