
২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুন থেকে শুরু করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো। ঘোষণা অনুযায়ী- ১৩ জুলাইয়ের মধ্যে এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা।
তবে সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোয় এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কথা বলেছেন। তার ভাষ্য, ‘এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখছি না।’
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। দুর্যোগ বা জাতীয়পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে, আমাদের কাছে বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘কারণ এইচএসসির শিক্ষার্থীদের আমরা যথেষ্ট সময় দিয়েছি। প্রায় এক বছর আগেই তাদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। ক্লাস ও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় ও সুযোগ তাদের রয়েছে। এ কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

