উত্তরা প্রতিদিন
ঢাকা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী সেমিনার

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী সেমিনার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে ‘Corruption and Anti-Corruption in Bangladesh: Opportunities and Challenges of Effective Change’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে মূল বক্তা ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খালেদ বিন ইউসুফ, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর মো. শহীদুর রহমানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মূল বক্তব্যে ড. ইফতেখারুজ্জামান সুশাসন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সার্বভৌমত্ব, জবাবদিহি, আইনের শাসন ও সবার জন্য ন্যায়বিচার গণতান্ত্রিক শাসনের অন্যতম ভিত্তি। এসব নীতি দুর্বল হলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়।

দুর্নীতির বহুমাত্রিক প্রভাব তুলে ধরে তিনি বলেন, ক্ষুদ্র দুর্নীতিও ব্যক্তি ও সমাজের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক ব্যয় তৈরি করে। বিশেষ করে শিক্ষা খাতে দুর্নীতি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দুর্নীতির সঙ্গে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং মানবাধিকার লঙ্ঘনের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, একটি দুর্নীতি থেকে একের পর এক সমস্যা তৈরি হয়ে দুর্নীতির দুষ্টচক্র সৃষ্টি হতে পারে। এ চক্র ভাঙতে রাষ্ট্র ও সমাজের সব অংশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্নীতিবিরোধী কার্যক্রমকে শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা সংস্থার দায়িত্ব হিসেবে দেখলে কার্যকর ফল পাওয়া কঠিন।

দুর্নীতি প্রতিরোধে National Integrity System কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ন্যায়বিচারের প্রতি মানুষের প্রত্যাশা এবং তরুণ প্রজন্মের দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা পরিবর্তনের বড় সুযোগ তৈরি করেছে। এ ক্ষেত্রে জুলাই চার্টারও পরিবর্তনের সম্ভাব্য একটি প্রেক্ষাপট হতে পারে।

সেমিনারে দুর্নীতির পরিমাপের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক। দুর্নীতির প্রকৃতি ও ব্যাপ্তি যথাযথভাবে পরিমাপ করে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর মো. শহীদুর রহমান।

আয়োজকরা বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি, সুশাসন ও জবাবদিহি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা রাখার অনুপ্রেরণা জোগাবে।

Read more — শিক্ষা
Home