উত্তরা প্রতিদিন
ঢাকা

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ
নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

সরকারের বিনিয়োগসংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠান—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)—একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ নামে নতুন একটি সংস্থা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এখন থেকে দেশের বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের অধীনেই পরিচালিত হবে।

নবগঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের বিষয়ে গতকাল পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Read more — জাতীয়
Home