
জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে একটি ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য করেন, সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বর্তমান নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শনিবার (২২ আগস্ট) দুপুরে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সঙ্গে সাভারের আশুলিয়ায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক ও ভারত সফর প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেন।
নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বিগত কয়েক মাসে প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন কৌশলগত কাঠামো দাঁড় করানো হয়েছে। ওয়াশিংটন, বেইজিং বা মধ্যপ্রাচ্য—সব দেশের সঙ্গেই একটি ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা হচ্ছে, যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কেবলই বাংলাদেশের জাতীয় স্বার্থকে।
ভারতে পালিয়ে যাওয়া অপরাধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দ্বিপক্ষীয় সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতে পালিয়ে যাওয়া অন্যান্য অপরাধীদের ফিরিয়ে আনা একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। ভারতের সঙ্গে বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি (প্রত্যর্পণ চুক্তি) রয়েছে এবং দেশে তাদের বিষয়ে বিচারিক কার্যক্রম চলমান। এটি দেশের মানুষের দীর্ঘদিনের সেন্টিমেন্ট ও স্বাভাবিক দাবি।
ভারতে সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ বজায় রয়েছে। তবে সফরের বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই। শীর্ষ পর্যায়ের যেকোনো বৈঠকের জন্য গ্রাউন্ডওয়ার্ক বা পূর্বপ্রস্তুতির প্রয়োজন থাকে। সঠিক সময়ে এবং আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে সফর অনুষ্ঠিত হবে।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট ও জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে কোনো আপস করা হবে না। প্রতিবেশীর সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রাখার জন্য কাজ চলছে এবং ভারতও বাংলাদেশের মানুষের এই অনুভূতি অনুধাবন করতে পেরেছে।
তিনি আরও উল্লেখ করেন, বিশাল জনসমর্থন নিয়ে গঠিত এই সরকার সফট পাওয়ার, প্রভাব এবং মধ্যস্থতার ক্ষেত্রে বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

