
জুলাই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে এখনো ৬৯০ জনকে গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের পরিচয়সংক্রান্ত কোনো তথ্য কারা অধিদপ্তরের কাছে নেই। এসব বন্দি নরসিংদী কারাগার থেকে পালিয়েছিলেন। কারাগারটির নথিপত্র ও সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় তাদের তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে।
এ ছাড়া কারাগার থেকে পালিয়ে যাওয়া তালিকাভুক্ত ৯ জঙ্গির মধ্যে ৬ জনকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এখনো তিনজন পলাতক রয়েছেন।
আজ মঙ্গলবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
কারা মহাপরিদর্শক জানালেন, ৫ আগস্ট দেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে যান। বর্তমানে তাদের মধ্যে প্রায় ৬৯০ জন পলাতক রয়েছেন। এর মধ্যে ১৬৬ জন নরসিংদী কারাগার থেকে পালিয়েছিলেন। ওই কারাগারের নথিপত্র ও সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় তাদের পরিচয়সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। নরসিংদী কারাগার থেকে মোট ৮২৬ বন্দি পালিয়েছিলেন।
পলাতক জঙ্গিদের বিষয়ে তিনি জানালেন, কারাগার থেকে তালিকাভুক্ত মোট ৯ জঙ্গি পালিয়ে যান। তাদের মধ্যে ছয়জনকে আবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন জুয়েল ওস্তাদ জামিনে কারাগারের বাইরে ছিলেন। সম্প্রতি পুলিশ তাকে আবার গ্রেপ্তার করেছে। এখনো তিন জঙ্গি পলাতক আছেন।
সাম্প্রতিক সময়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার বাড়ায় কারাগারে বন্দি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে বলেও জানালেন কারা মহাপরিদর্শক। তিনি বলেছেন, সাধারণত প্রায় ৮০ হাজার বন্দি নিয়ে কারা কর্তৃপক্ষ কাজ করে। বর্তমানে এ সংখ্যা বেড়ে প্রায় ৯৮ হাজারে দাঁড়িয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার ৭৯৬ জন বন্দি কারাগারে প্রবেশ করছেন এবং প্রায় ৩ হাজার জন মুক্তি পাচ্ছেন। ফলে বন্দিদের নিয়মিত আসা-যাওয়া থাকলেও যে সংখ্যা থেকে যাচ্ছে, সেটিই মোট বন্দির সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও জানালেন, ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ২৬ হাজারের বেশি মোবাইল কোর্টে দণ্ডিত আসামিকে কারাগারে নেওয়া হয়েছে। বন্দির সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটি। মোবাইল কোর্টের মাধ্যমে অনেককে এক দিন, পাঁচ দিন, সাত দিন, এক মাস বা তিন মাসের মতো স্বল্পমেয়াদি সাজা দেওয়া হচ্ছে। এতে কারাগারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিষয়টি সরকারকে জানানো হয়েছে।
বর্তমানে দেশের কারাগারগুলোয় ৩৭৯ জন বিদেশি বন্দি রয়েছেন জানিয়ে কারা মহাপরিদর্শক বলেছেন, তাদের মধ্যে ১৭০ জনের সাজা শেষ হয়েছে। তারা নিজ নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট দূতাবাস ও সরকারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ধাপে ধাপে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিদেশি বন্দি মারা গেলে তাদের মরদেহ ব্যবস্থাপনা প্রসঙ্গে আইজি প্রিজন জানালেন, গত দুই বছরে প্রায় ১৭ জন বিদেশি বন্দির মরদেহের ব্যবস্থাপনা করা হয়েছে। এর মধ্যে দুটি মরদেহ ভারতে পাঠানো সম্ভব হয়েছে। বর্তমানে তিনটি মরদেহ বিভিন্ন হিমাগারে সংরক্ষিত আছে। প্রচলিত নীতিমালা অনুযায়ী সাধারণত তিন মাস পর মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। তবে পরিচয় ও অন্যান্য তথ্য সংরক্ষণ করা হয়। সংশ্লিষ্ট পরিবার বা দেশ থেকে কেউ মরদেহ নিতে না এলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক কারাগারে দুর্নীতি ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কারা অধিদপ্তর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গত দুই বছরে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচ্যুত এবং ৮৭০ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোটখাটো অপরাধের কারণে ৩০৩ জনকে প্রশাসনিকভাবে বিভিন্ন বিভাগের বাইরে পাঠানো হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধে কারারক্ষীসহ কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানালেন তিনি।
কারা মহাপরিদর্শক আরও জানালেন, দেশের কারাগারগুলোর মোট ধারণক্ষমতা প্রায় ৪৫ হাজার বন্দির হলেও বর্তমানে সেখানে প্রায় ৯৮ হাজার বন্দি রয়েছেন।
উত্তরা / এ এম

