
দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং। এরইমধ্যে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে বিড়ম্বনা যেন কাটছেই না। যান্ত্রিক ত্রুটির মেরামত শেষে গত রবিবার চালু করা কেন্দ্রটির ১ নম্বর ইউনিট। আজ শুক্রবার দুপুরে একই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে এটি। ফলে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ আপাতত বন্ধ থাকবে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি আবার চালুর জন্য কাজ চলছে। তিনি বলেন, ‘বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। আপাতত ঘাটতি থাকবে।’
বর্তমানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।
কেন্দ্রটির তিনটি ইউনিট থেকে মোট ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে ঘনঘন যান্ত্রিক ত্রুটি ও ওভারহলিংয়ের কারণে সাধারণত দুটি ইউনিটই বন্ধ থাকে। ফলে কেন্দ্রটি থেকে নির্ধারিত সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না।
উত্তরা/এএম

