উত্তরা প্রতিদিন
ঢাকা

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ আগস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

দেশের আকাশে হিজরি বর্ষপঞ্জির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি বৃহস্পতিবার (১৩ আগস্ট)। ফলে আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) চলতি সফর ৩০ দিন পূর্ণ করে শেষ হবে। সে হিসাবে শনিবার (১৫ আগস্ট) শুরু হবে রবিউল আউয়াল মাস। আর ১২ রবিউল আউয়াল মোতাবেক ঈদে মিলাদুন্নবি পালন করা হবে আগামী ২৬ আগস্ট (বুধবার)। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদে মিলাদুন্নবি গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনটি মহানবি হজরত মুহম্মদের (সা.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি। ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home