উত্তরা প্রতিদিন
ঢাকা

ছয় মাসে পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতার দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ আগস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ণ
ছয় মাসে পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতার দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে গত ছয় মাসে পুলিশের নিয়োগে রাজনৈতিক প্রভাব বা দলীয় করণ হয়নি বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটা দাবি করা হয়েছে।

 

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

 

বৈঠক সূত্র জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্য দেওয়ার সময় পুলিশের নিয়োগের বিষয়ে কথা বলেন। এ সময় তিনি কমিটিকে জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশের নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ করা হয়নি। নিরপেক্ষভাবেই তারা নিয়োগ দিয়েছে। বৈঠকে বিরোধী দলের দুজন সদস্য উপস্থিত থাকলেও পুলিশের নিয়োগ নিয়ে তাঁরা কথা বলেননি বলে জানা গেছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মহান জাতীয় সংসদের সব সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন উল্লেখ করে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও কমিটিকে জানানো হয়।

 

সূত্রে জানা গেছে, কমিটির একাধিক সদস্য দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকের ভয়াবহতা নিয়ে অভিযোগ করেন।

কমিটির সদস্য আব্দুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বলেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত বছরের তুলনায় এ বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মাদকের বিষয়ে আমাদের পাশাপাশি সরকারি দলের সদস্যরাও কথা বলেন। জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী মাদকের বিষয়ে নতুন আইন, জুয়া প্রতিরোধে আইনের কথা তুলে ধরেন।’

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, কামরুজ্জামান, মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, নুরুল ইসলাম এবং আব্দুল বাতেন।

 

চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে ভারতের সঙ্গে করা গঙ্গার পানি বণ্টনে ফারাক্কা চুক্তি। এ চুক্তি নবায়নের বিষয়ে দেশটি থেকে জোরাল আশ্বাস পাওয়া গেছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এমনটা আলোচনা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এতে বলা হয়, নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে সভায় আলোচনা করা হয়। পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকে অনুমোদনের কথা সভায় জানানো হয়। এ ছাড়া, বৈঠকে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরাল আশ্বাস পাওয়ার বিষয়টি অবহিত করা হয়। একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা সভায় জানানো হয়।

সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য সাত হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৈঠকে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ কে এম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, ইজ্জত উল্লাহ্, মশিউর রহমান খান এবং অলি উল্লাহ্।

 

 

 

 

উত্তরা/এএম 

Read more — জাতীয়
Home