
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
শনিবার সকাল ১১টায় রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘একটি চারা, একটি স্বপ্ন—বাংলাদেশ হবে সবুজে আচ্ছন্ন’ প্রতিপাদ্যে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মতিহার থানা উত্তর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর রশীদ মামুনের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মামুন-অর রশীদ মামুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি এর যত্ন নিতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিকে জনসম্পৃক্ত করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আক্তার সাঈদ, মতিহার থানা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এস রানা, মতিহার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রেজাউল করিম, ২৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ইয়ার মাহমুদ নিটুল এবং মতিহার থানা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাঈমুর রহমান দুর্জয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

