
রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজনের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হলে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সকালের ঘটনার পর দুপুরে পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট থানার ওসি, পুলিশ সদস্য এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে আবারও উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে স্থানীয় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন ও তাদের সমর্থকরা অতর্কিত হামলা চালান। এতে ডিএনসিসি প্রশাসক, সংসদ সদস্য, পরিচ্ছন্নতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলার মুখে পড়েন। ঘটনায় কয়েকজন আহত হন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান চালায় এবং হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে গার্মেন্টস মালিকপক্ষের একজন প্রতিনিধি রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত গার্মেন্টস কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

