উত্তরা প্রতিদিন
ঢাকা

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল' ফার্ম কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২ আগস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল' ফার্ম কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলছেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমদ দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে এটা আমরা শুনেছি। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। আমরা সার্টিফাই কপি সংগ্রহের চেষ্টা করছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ল' ফার্ম নিয়োগ করেছে।

আজ রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনজীর আহমদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পুলিশের নিয়োগ, বদলি বা প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করায় বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থার পরিবর্তন করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পেশাদারিত্ব ও সততার মূল্যায়নে পুলিশে 'পুরস্কার ও শাস্তি' ব্যবস্থা চালু করা হয়েছে। দায়িত্ব পালনে দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে পদক, সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হবে, যা পদোন্নতির ক্ষেত্রেও বিবেচনায় আসবে।

পুলিশ বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিটি মহানগরে উচ্চক্ষমতাসম্পন্ন এবং প্রয়োজন অনুযায়ী প্রতিটি জেলায় সাইবার ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। ডার্ক ওয়েব ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কেস ডকেট সংরক্ষণের নতুন ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করতে আধুনিক অস্ত্র, প্রশিক্ষণ, ড্রোন ও ডগ স্কোয়াড যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে কিশোর অপরাধ দমনে আইনের সংজ্ঞা ও বয়সসীমা পুনর্মূল্যায়নের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে উল্লেখ করেন।

গণপিটুনি বা 'মব কালচার'-এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না এবং এর সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নারী পুলিশ সদস্যদের জন্য বিভাগীয় হাসপাতালগুলোতে গাইনোকোলজি ইউনিট চালু করা হবে। আবাসন সংকট নিরসনে ১০০টির বেশি মডেল থানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল সংকট দূর করতে ১০ হাজার কনস্টেবল এবং চার হাজার সাব-ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়াও চলছে, যাতে পর্যায়ক্রমে পুলিশে আট ঘণ্টার শিফটভিত্তিক ডিউটি চালু করা সম্ভব হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন ও খন্দকার রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Read more — জাতীয়
Home