উত্তরা প্রতিদিন
ঢাকা

বস্ত্রশিল্পের উন্নয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২২ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ণ
বস্ত্রশিল্পের উন্নয়নে উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

 

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতৃবৃন্দ।

বুধবার (২২ জুলাই) সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং খাতের বিদ্যমান নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিল্পখাতের টেকসই উন্নয়নে সরকারের নীতিগত সহায়তার আশ্বাসের পাশাপাশি সমস্যা পর্যালোচনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

বৈঠকে টেক্সটাইল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। তিনি এ খাতের উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন।

বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠিত হয়েছে বলেও জানান উপ প্রেস সচিব।

এ সময়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া ছাড়াও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home