উত্তরা প্রতিদিন
ঢাকা

সারা দেশে অতিভারী বর্ষণের পূর্বাভাস

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১১ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ
সারা দেশে অতিভারী বর্ষণের পূর্বাভাস

দেশের আটটি বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার (১১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মধ্য উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর পুরোপুরি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১৪৭ মিলিমিটার।

Read more — জাতীয়
Home