উত্তরা প্রতিদিন
ঢাকা

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ণ
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চায় আত্মা-প্রজ্ঞা

দেশে প্রতিদিন তামাকজনিত রোগে ৪৪২ জন মানুষের মৃত্যু হয়। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে যত দেরি হবে, তামাকজনিত মৃত্যু ততই বাড়বে—এমন সতর্কবার্তা দিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) ও প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎকালে আত্মা ও প্রজ্ঞার প্রতিনিধি দল দ্রুত আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে।

সাক্ষাৎকালে জানানো হয়, তামাক খাত থেকে যে রাজস্ব আয় হয় তার চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় দেশের আর্থিক ক্ষতি অনেক বেশি। এ কারণেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। প্রতিনিধি দল এনবিআর চেয়ারম্যানকে খসড়া সংশোধনী দ্রুত পাসের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।

এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “আইন সংশোধনে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

আলোচনায় অংশ নেন আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী এবং প্রজ্ঞার মেহেদী হাসান।

Read more — স্বাস্থ্য
Home