উত্তরা প্রতিদিন
ঢাকা

নজরুলের কর্ম মানুষের ঘরে পৌঁছাতে হবে: প্রধানমন্ত্রী

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ
নজরুলের কর্ম মানুষের ঘরে পৌঁছাতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনবোধ সরকারি অফিসের চার দেয়ালে আবদ্ধ না রেখে ‘মানুষের ঘরে’ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপথগামী হওয়ার পথও উন্মুক্ত।

“এমন জটিল বাস্তবতায় কাজী নজরুলের ইসলামের ‘আমি হব সকাল বেলার পাখি/সবার আগে কুসুম বাগে/উঠব আমি ডাকি’ কিংবা ‘থাকব না কো বদ্ধ ঘরে/ দেখব এবার জগৎটাকে/কেমন করে ঘুরছে মানুষ/যুগান্তরের ঘুর্ণিপাকে’—এ ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের উদীয়মান প্রজন্মের সামনে আশা জাগানিয়া আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।

“এ কারণেই কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্যকর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে হবে মানুষের ঘরে।”

বৃহস্পতিবার সকালে ‘নজরুল বর্ষ’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মন্ত্রিপরিষদ সভা কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালনের শুভ সূচনা করেন সরকারপ্রধান। 

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘নজরুল বর্ষ’ উদ্‌যাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে। নজরুল বর্ষের সার্থকতা কামনা করছি।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধে তার (কাজী নজরুল ইসলাম) কবিতা ও গান যেমন ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনই আমাদের সকল আন্দোলন-সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ-প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণ করেননি; তবে তার হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশও তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। কিশোরবেলায় ১৯১৪ সালে তিনি প্রথমবারের মতো ময়মনসিংয়ের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিবিজড়িত সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে… এ বর্ষটিকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।

মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রেও কাজী নজরুল ইসলামই প্রধান দিশারি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের জীবন, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য—তার রচনার মধ্যে মহিমাময় সৌন্দর্য নিয়ে বাক্সময় হয়েছে। কবি নজরুলের সৃষ্টিশীলতার মধ্যে আতিথ্য রয়েছে সকল কালের, সকল মানুষের। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা; প্রাসঙ্গিকতা এবং প্রয়োজন ফুরানোর নয়।”

প্রধানমন্ত্রী বলেন, “যারা নজরুল বিশেষজ্ঞ, তারা কবিকে নানা বিশেষণে ভূষিত করে থাকেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন ‘বাংলাদেশের মন’।

“আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, ‘গাহি সাম্যের গান/সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান/সেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান’।”

প্রধানমন্ত্রী বলেন, “অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে...যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে।

“শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার হবে না, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়।” তিনদিনের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর লোগো এবং স্মারক ডাকটিকেট উন্মোচন করেন। সচিবালয়ে এ অনুষ্ঠানে কবি নজরুলের নাতনি খিলখিল কাজী উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊধর্তন কর্মকর্তারা। এছাড়া কবি আবদুল হাই শিকদার, কবি হাসান হাফিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন উজ্জল, হেলাল খান উপস্থিত ছিলেন।

Read more — জাতীয়
Home