উত্তরা প্রতিদিন
ঢাকা

প্রায় ৯৮ শতাংশ উপস্থিতিতে রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

প্রথম দিনে অনুপস্থিত ২ হাজার ৪৯৭ পরীক্ষার্থী
উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
প্রায় ৯৮ শতাংশ উপস্থিতিতে রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি এবং কোথাও অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৮ জন। এর মধ্যে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১০ হাজার ৬০১ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৯৭ দশমিক ৭৯ শতাংশ। অনুপস্থিত ছিল ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী।

বোর্ডের কর্মকর্তারা জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করতে হয়নি এবং কোনো ধরনের জটিলতারও সৃষ্টি হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ২০৮টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৩টি কেন্দ্র রয়েছে রাজশাহী জেলায় এবং সর্বনিম্ন ১২টি কেন্দ্র রয়েছে জয়পুরহাট জেলায়।

Read more — শিক্ষা
Home