
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিরোধের জেরে সংগঠনটির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিত শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ঘোষিত ছাত্রদলের আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে একাংশের নেতাকর্মীরা কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। বরং টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। তারা এই কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দাবি বলেন, অর্থের বিনিময়ে এ কমিটি গঠন করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই কলেজ শাখার একটি অংশ এর বিরোধিতা করে আসছিল।

