উত্তরা প্রতিদিন
ঢাকা

রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

উত্তরা প্রতিদিন রুয়েট প্রতিবেদক ৯ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
রুয়েটে আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে ৪ শিক্ষার্থী আটক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে এ অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালান। এ সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা সদৃশ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, 'ক্যাম্পাসে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।'

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read more — শিক্ষা
Home