উত্তরা প্রতিদিন
ঢাকা

রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে পরিচয় মিলেছে ১২ জনের

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৫ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে পরিচয় মিলেছে ১২ জনের

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ও আহতরা সবাই কম ভাড়ায় রডবোঝাই ট্রাকে করে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের বাড়িতে ফিরছিলেন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে রয়েছেন নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দারা। নিহত ১২ জন হলেন— নওগাঁর মান্দা উপজেলার সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), বারি (২১), বাদশা (৩২), গিয়াস (২০), মাইনুল (২৮); রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন (১৯); চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), সদর উপজেলার মামুন (৪৫); নেয়ামতপুর উপজেলার সারিকুল (২৫); রাজেন্দ্রবাটি এলাকার ইয়াকুব ও তারেক (২০)। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।

আহত হয়েছেন অন্তত ৯ জন। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। গুরুতর আহত কয়েকজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ট্রাকের যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রামের অলংকার এলাকা থেকে ট্রাকটিতে যাত্রীরা ওঠেন। পরে ফেনী থেকেও কয়েকজন যাত্রী ওঠেন। ভোরে জোগারচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের রড ও কাঠামোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

যমুনা সেতু পূর্ব থানার এসআই আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নেওয়া হয়, পরে সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Read more — জাতীয়
Home