উত্তরা প্রতিদিন
ঢাকা

রামিসা হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৪ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ণ
রামিসা হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

 রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলাটি বিচারিক প্রক্রিয়ার আরও এক ধাপ এগিয়েছে। মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত। রোববার (২৪ মে) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার অভিযোগ গ্রহণ করে শুনানির এ তারিখ নির্ধারণ করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়। পরে আদালত মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিএনএ পরীক্ষার ফল, ময়নাতদন্ত প্রতিবেদন এবং অন্যান্য ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্তের শুরুতেই স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন। রাজনীতি/একে

Read more — আইন-আদালত
Home