এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রশ্নের তালিকা এ বার সুপ্রিম কোর্টে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ তিন নির্বাচন কমিশনারের ভূমিকা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে ৪৮টি প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মঙ্গলবার সেই প্রশ্নের ভিত্তিতে কমিশনের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালত। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি ওঠে। বিরোধীদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্য, গত ২৬ অক্টোবর শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন দাবি করেছিল, এসআইআর সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিন নির্বাচন কমিশনারের সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। কিন্তু কী ভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হল, কোন তারিখে সিদ্ধান্ত হয়েছে, সংশ্লিষ্ট নথি এবং ফাইলের নোটিং কোথায়— সে সব বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সেই কারণেই কমিশনের কাছে ৪৮টি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে।
বিরোধীদের প্রশ্ন, এসআইআর চালুর সিদ্ধান্ত কে নিয়েছিলেন? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী কি প্রতিটি সিদ্ধান্তে সহমত ছিলেন? কোনও বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল কি না, হয়ে থাকলে তা নথিভুক্ত করা হয়েছিল কি? ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি, ফর্ম ৬-এর ব্যবহার, আবেদন খারিজ এবং ইসিনেট ও ইআরওনেট ব্যবস্থার কার্যপদ্ধতি নিয়েও কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছেন বিরোধীরা।
এই মামলার রাজনৈতিক গুরুত্ব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই শাসক-বিরোধী তরজা তুঙ্গে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, নতুন নাম অন্তর্ভুক্তি, শুনানি এবং আপিলের পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ করে কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টে কী তথ্য জমা পড়ে, তার দিকে নজর রাখছে রাজ্যের রাজনৈতিক মহল।
অন্য দিকে, নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। বিরোধীদের আবেদনের বিষয়ে কমিশনের আপত্তির কথা আদালতে জানান তিনি। দু’পক্ষের বক্তব্য শোনার পর কমিশনকে নিজেদের অবস্থান জানানোর সুযোগ দিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার বৈধতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এর আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। কমিশন তার হলফনামায় জানিয়েছিল, এসআইআর সংক্রান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মতিক্রমেই নেওয়া হয়েছে। এ বার সেই দাবির সমর্থনে প্রয়োজনীয় নথি ও ব্যাখ্যা চেয়েই কমিশনকে ৪৮টি প্রশ্নের মুখে দাঁড় করাল বিরোধী শিবির।
উত্তরা / এ এম


